ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জে সচেতনতামূলক র্যালি ও প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গিয়ে শেষ হয়।
নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি” এই স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
র্যালিতে জেলা প্রশাসক সোহানা নাসরিন, সিভিল সার্জন ডা. নাজমুল করিম, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এর উপাধ্যক্ষডা: একরাম আহসান জুয়েল, হাসপাতালের পরিচালক ডা: সাইফুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) জেবুন নাহার শাম্মী,কিশোরগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর মোহাম্মদ শামসুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইশতিয়াক ইমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তারা রোগীদের খোঁজখবর নেন এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সচেতনতামূলক বার্তা প্রদান করেন।
এছাড়া এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায় উল্লেখ করে লম্বা পোশাক পরা এবং দিনের বেলায় ঘুমানোর সময়ও মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
চিকিৎসকরা জানান, তীব্র জ্বর, মাথাব্যথা, শরীর ও মাংসপেশীতে ব্যথা, চোখের পেছনে ব্যথা এবং শরীরে লালচে দানা ডেঙ্গুর সাধারণ লক্ষণ। জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা করাতে হবে। রোগীকে পর্যাপ্ত তরল খাবার খাওয়ানোর পাশাপাশি প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ সেবন না করার পরামর্শ দেওয়া হয়।
জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি ও পারিবারিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না। তিনি সবাইকে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।