শনিবার, জুন ৬, ২০২৬

হামের থাবা আরও ভয়াবহ,একদিনে প্রাণ গেল ৫ শিশুর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-০৬ ১১:১৭:০৬

দেশজুড়ে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে ২৪৩ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু হওয়া সংক্রমণ পরিস্থিতিতে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫১৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত একদিনে দেশের বিভিন্ন এলাকায় আরও ১ হাজার ১৬৮ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গযুক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনে।
অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৪৩ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৫০৩ জনে।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, গত প্রায় আড়াই মাসে হামের উপসর্গ নিয়ে ৬২ হাজার ২৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫৮ হাজার ১৫৪ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচি জোরদার, দ্রুত শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের যথাসময়ে চিকিৎসা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

কী-ওয়ার্ড: হাম,শিশুমৃত্যু,স্বাস্থ্যসঙ্কট

 


এ জাতীয় আরো খবর