বাংলাদেশের একটি বহুল আলোচিত হত্যাকাণ্ড প্রসঙ্গে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী-এর বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ভারতের শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি সিং এ মামলা করেন।
মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, মমতা ব্যানার্জির সাম্প্রতিক মন্তব্য ভারতের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অভিযোগকারীর দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের সংহতি ও নিরাপত্তা রক্ষার যে সাংবিধানিক অঙ্গীকার করা হয়েছিল, সংশ্লিষ্ট বক্তব্য সেই দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গত ২ জুন এক অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বাংলাদেশের একটি আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নাম উল্লেখ না করেই বলেন, তিনি জানেন ওই ঘটনায় কাদের ব্যবহার করা হয়েছিল। একই বক্তব্যে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্সের একটি অভিযানের প্রসঙ্গও তুলে ধরেন এবং দাবি করেন, বাংলাদেশে আলোচিত এক ব্যক্তিকে ভারতীয় বাহিনী গ্রেপ্তার করেছিল।
তার বক্তব্যের পর ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকের ধারণা, তিনি বাংলাদেশের বহুল আলোচিত চরিত্র ওসমান হাদিকে ইঙ্গিত করেছেন। যদিও এ বিষয়ে তিনি সরাসরি কোনো নাম উল্লেখ করেননি।
বক্তব্যে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের বিষয়ও তুলে ধরেন মমতা। তার দাবি, একটি ঘটনায় দেশের স্বার্থের কথা বিবেচনা করে তথ্য প্রকাশ না করার অনুরোধ জানানো হয়েছিল।
অভিযোগকারী আইনজীবী রিঙ্কি সিং বলেছেন, এ ধরনের মন্তব্য প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ককে অস্বস্তিকর অবস্থায় ফেলতে পারে। তার মতে, এতে বাংলাদেশে ভারতবিরোধী গোষ্ঠীগুলো সক্রিয় হওয়ার সুযোগ পেতে পারে এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি হতে পারে।
তিনি জানিয়েছেন, ইতোমধ্যে শিলিগুড়ি সাইবার থানায় অভিযোগ জমা দেওয়া হয়েছে। আদালত খোলার পর মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের আবেদনও করা হবে।
উল্লেখ্য, ইউএপিএ ভারতের অন্যতম কঠোর নিরাপত্তাবিষয়ক আইন হিসেবে পরিচিত। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, সন্ত্রাসবাদ ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট অভিযোগের ক্ষেত্রে এই আইন প্রয়োগ করা হয়ে থাকে। তবে মামলাটি গ্রহণ, তদন্ত কিংবা আদালতের পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
কী-ওয়ার্ডস: মমতা-মামলা,ইউএপিএ,ভারত-বাংলাদেশ