উপসাগরীয় দেশ কুয়েতে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের একটি ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি যাত্রী টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হওয়ার পাশাপাশি সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল সৌদ আবদুল আজিজ আল-আতওয়ান হামলাটিকে ‘ইরানের অপরাধমূলক আগ্রাসন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, ড্রোনের আঘাতে টার্মিনাল ভবনের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তবে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলার পর নিরাপত্তাজনিত কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। একই সঙ্গে অবতরণের অপেক্ষায় থাকা বিভিন্ন উড়োজাহাজকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।
মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ এই দেশটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। কুয়েতের দাবি, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সামরিক নেতৃত্বের ওপর হামলার পর থেকে দেশটি ধারাবাহিক হুমকির মুখে রয়েছে।
অন্যদিকে তেহরানের অভিযোগ, কুয়েত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে সহায়তা করছে। এ অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
সর্বশেষ হামলার ঘটনায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং হামলার বিস্তারিত তদন্ত শুরু করেছে কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
কী-ওয়ার্ডস: কুয়েত,ড্রোন,হামলা