মঙ্গলবার, জুন ২, ২০২৬

জাপানে ‘জাংমি’র তাণ্ডব: বিদ্যুৎহীন হাজারো পরিবার, বাতিল শতাধিক উড়োজাহাজ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-০২ ১১:৩৬:৩৬
ছবি: প্রতীকী | সকালের আলো ডট কম

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা শক্তিশালী গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘জাংমি’ জনজীবনে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি করেছে। ঝড়ের প্রভাবে হাজার হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছে, শত শত উড়োজাহাজ চলাচল বাতিল করা হয়েছে এবং অন্তত নয়জন আহত হয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে টাইফুন হিসেবে সৃষ্টি হওয়া ‘জাংমি’ পরে শক্তি হারিয়ে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে রূপ নেয়। সোমবার ওকিনাওয়া দ্বীপে আঘাত হানার পর এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা উঁচু ঢেউ, আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।
সরকারি তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে কাগোশিমা অঞ্চলের ৩০ হাজারের বেশি পরিবার এবং ওকিনাওয়ার প্রায় ১৭ হাজার পরিবার বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল।
জাপান সরকারের মুখপাত্র মিনোরু কিহারা জানিয়েছেন, ঝড়ের প্রভাবে ওকিনাওয়ায় অন্তত নয়জন আহত হয়েছেন। প্রবল বাতাসে উড়ে আসা বিভিন্ন বস্তু যানবাহনের সঙ্গে সংঘর্ষ এবং ঝড়ো হাওয়ার কারণে এসব হতাহতের ঘটনা ঘটেছে।
এদিকে ঝড়টি উত্তরমুখী হওয়ায় রাজধানী টোকিওসহ আশপাশের এলাকায়ও সতর্কতা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার গণপরিবহন চলাচলে বিঘ্ন দেখা দিতে পারে।
এক সংবাদ সম্মেলনে মিনোরু কিহারা ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজন হলে আগেভাগেই নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

কী-ওয়ার্ডস: জাপান ঝড়,বিদ্যুৎ বিভ্রাট,জাংমি


এ জাতীয় আরো খবর