মেঘের ছোঁয়া মস্ত আকাশ, সবুজ বসন ঘাগরা
ধাপে ধাপে বুনে প্রকাশ, ভুট্টা ধানের নাগরা।
খোলা চুলে জোনাক বসে, ঝরনা কথা কয়,
তার বুকেতে জোয়ার আসে, সময় নদী বয়।
মন খারাপের খেরো খাতায়, মেঘপিয়নের ব্যথা!
খেয়ালি আকাশ বার্তা পাঠায়, বৃষ্টি ঝরার কথা,
চিঠি লেখার ভাষা ভুলে, মায়া আলো ঝরে
ছায়া বৃষ্টি ভাষা মেলে, চাঁদের ছায়া সরে।
পাহাড় বুকে আলোর ফুলকি, গ্রামটি আছে জেগে
রাতপরীরা চড়ে পালকি,মায়া রাত্রি মেখে।
সত্যি হলেও গ্রামগুলো সব, স্বপ্ন দিয়ে আঁকা,
পাখপাখালির মধুর যে রব, চাঁদ আকাশে বাঁকা !
রাতচরাদের ডানায় ঝরে, সাঁঝ আকাশের তারা
গল্পেস্বল্পে উঠোন ভরে, স্মৃতি সুধায় ভরা
সহজ সরল পাহাড়ি মানুষ, মাটির গন্ধে গড়া,
ওদের যুদ্ধ নয় তো ফানুস, সাক্ষী রাতের তারা !
পাহাড় যদি ধৈর্য শেখায়, নদী চির বিদ্রোহী
ঝরনা তার জলের ধারায়, শুদ্ধ হতে আগ্রহী।
বনোবীথির সবুজ ছায়ায়, দগ্ধ মনে শীতল বারি,
এই পৃথিবীর অমোঘ টানে, ভাসছে জীবন সারি সারি !