নদী আর নারী
তীর ভেঙে তীরে উঠে
ভাঙনের শব্দে আঁতকে উঠে জলের উঠোন
তিরতির করে খোঁজে শুধু ওপারের আশ্রয়।
কতকিছুই ভাঙে-
কাঁচ ভাঙে, চীনামাটির বাসন ভাঙে
গাছ,শুকনো ডাল,পাতা এমনকি শখের কাঁচের চুড়িও ভাঙে;
ভাঙতে ভাঙতে একসময় মানবের কপালও ভেঙে যায় অসময়ে,নিঃশব্দে,
কপাল ভাঙার শব্দ কেউ শোনেনা
শুনতে চায়না শুধু
ফাটল দিয়ে ফিনকির মতো গড়িয়ে পড়ে পুষে রাখা সুখ আর ছুঁতে চাওয়া প্রেম।
কতকিছুই তো নীরবে ভেঙে যাচ্ছে চুরচুর হয়ে, কে ই বা শোনে তার কান্না?
তুমিও শোনোনি আমাদের প্রেম ভাঙা শব্দ,
নিঃশব্দ চিৎকার-শুনিনি আমিও।
তবে কারা শোনে ঐ ভেঙে যাবার মর্মান্তিক শব্দগুলো,ওরা কারা?