বুধবার, মে ২৭, ২০২৬

স্বপ্নের বিশ্ববিদ্যালয় গড়ার অঙ্গীকার,ঠাকুরগাঁওকে জাতীয় শিক্ষাকেন্দ্র বানাতে চান উপাচার্য

  • মাসুদুর রহমান মাসুদ
  • ২০২৬-০৫-২৬ ২২:৫৩:৩২

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম আকর্ষণীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল। তিনি বলেছেন, এমন একটি শিক্ষা ও গবেষণা পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে দেশের শিক্ষার্থীরা অন্য বড় বিশ্ববিদ্যালয়ের বিকল্প হিসেবে নয়, বরং স্বপ্ন নিয়েই ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসতে চায়।
মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি অঞ্চলের বুদ্ধিবৃত্তিক পরিচয়ের প্রতীক। তাই শুরু থেকেই এমন মানসম্পন্ন পরিবেশ তৈরি করতে হবে, যা শিক্ষার্থীদের আস্থা ও আগ্রহ সৃষ্টি করবে। তিনি জানান, তার লক্ষ্য হলো ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে এমন পর্যায়ে নেওয়া, যেখানে দেশের বিভিন্ন জেলা থেকে মেধাবী শিক্ষার্থীরা স্বেচ্ছায় ভর্তি হতে আগ্রহ দেখাবে।
নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ও শিক্ষকতার অভিজ্ঞতা তাকে নতুন কিছু গড়ে তোলার অনুপ্রেরণা দিয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে গবেষণা, সৃজনশীলতা ও আধুনিক শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথাও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন উপাচার্য। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমালোচনা বা সমস্যা থাকলে তা দায়িত্বশীলভাবে তুলে ধরা উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে পরামর্শ ও গঠনমূলক মতামত দেওয়ারও আহ্বান জানান তিনি।
নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও মানসম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যেসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পাবেন, তাদের দক্ষতা, দায়িত্ববোধ ও প্রতিষ্ঠানের মর্যাদা সম্পর্কে সচেতন হতে হবে। বিশ্ববিদ্যালয় পরিচালনায় কোনো ধরনের আপস করা হবে না বলেও জানান তিনি।
ড. মো. ইস্রাফিল আরও বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই একটি বিশ্ববিদ্যালয় এগিয়ে যায় না; প্রয়োজন সৎ নেতৃত্ব, গবেষণাভিত্তিক পরিকল্পনা এবং কর্মসংস্কৃতি। এজন্য তিনি স্থানীয় স্কুল-কলেজে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়েরও পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিক নেতারাও বিশ্ববিদ্যালয়কে ঘিরে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। পরে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 


এ জাতীয় আরো খবর