সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে| মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ অনুদান তুলে দেওয়া হয়|
অনুদান বিতরণ অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক| প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে| ঈদের আনন্দ যাতে সকল মানুষ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে|
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে দুস্থ মানুষের সহায়তায় নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে| ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন|
উপহার নিতে আসা এক সুবিধাভোগী তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, কোরবানির ঈদের আগে এই সাহায্য আমাদের জন্য অনেক বড় আশীর্বাদ| এখন আমরাও বাচ্চাদের নিয়ে ভালোভাবে ঈদ করতে পারব| প্রধানমন্ত্রীর জন্য প্রাণভরে দোয়া করি|
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের খনিজ মন্ত্রণালয়ের উপ-সচিব আবুল হাসান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রেজাউল করিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী প্রমুখ।