শনিবার, মে ২৩, ২০২৬

হামে আরও ১১ শিশুর মৃত্যু,আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়াল

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৫-২২ ২০:১০:২৪

দেশে ভয়াবহ আকার ধারণ করেছে হাম পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
শুক্রবার (২২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে ৮৫ জনের মৃত্যুর ক্ষেত্রে হাম নিশ্চিত হয়েছে। বাকি ৪১৪ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
একই সময়ে দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ হাজার ৫৪০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৪ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে।
প্রতিবেদন বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭ হাজার ৫১১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৩ হাজার ৪১১ জন।
দেশজুড়ে হামের বিস্তার ঠেকাতে সরকার টিকাদান কর্মসূচি জোরদার করেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কোরবানির ঈদের পর হামের টিকার দ্বিতীয় ধাপের বিশেষ ক্যাম্পেইন শুরু হবে।

কী-ওয়ার্ডস: হাম পরিস্থিতি,শিশু মৃত্যু,টিকাদান অভিযান


এ জাতীয় আরো খবর