আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পাঠ্যক্রমে পরিচ্ছন্নতা, নাগরিক দায়িত্ববোধ, নৈতিক শিক্ষা এবং নেতৃত্ব বিকাশের বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, শিশুদের শুধু বইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে দায়িত্বশীল, সচেতন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর বেইলী রোডে আয়োজিত ‘হলদে পাখি নীল কমল অ্যাওয়ার্ড–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন।
প্রতিমন্ত্রী জানান, নতুন শিক্ষাক্রমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, সামাজিক শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ, নাগরিক দায়িত্ব ও নেতৃত্বের মৌলিক ধারণা যুক্ত করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে বাস্তব জীবনের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পাবে।
তিনি বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও বাস্তবমুখী ও আনন্দভিত্তিক করতে সরকার কাজ করছে। শিশুদের ওপর অতিরিক্ত বইয়ের চাপ কমিয়ে অভিজ্ঞতাভিত্তিক ও অংশগ্রহণমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা হবে, যাতে তারা শেখার পাশাপাশি দায়িত্বশীল আচরণও রপ্ত করতে পারে।
ববি হাজ্জাজ আরও বলেন, গার্ল গাইডস ও হলদে পাখির মতো সংগঠন দীর্ঘদিন ধরে শিশু-কিশোরদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তাদের অভিজ্ঞতাকে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে কাজে লাগানো হবে।
তিনি জানান, দেশের ৬৫ হাজারের বেশি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এ কার্যক্রমে স্থানীয় অভিভাবক, বিশেষ করে মায়েদের সম্পৃক্ত করা হবে, যাতে খাবারের মান ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়।
নারী ও কন্যাশিশুর ক্ষমতায়নের বিষয়েও গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, মেয়েরা যেন চিকিৎসক, প্রকৌশলী, পাইলটসহ যেকোনো পেশায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারে, সে জন্য সরকার সমান সুযোগ ও সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে।
তিনি বলেন, “আগামী দিনের বাংলাদেশ হবে শিশু-কিশোরদের নেতৃত্বের বাংলাদেশ।” সেই লক্ষ্যেই শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার আনা হচ্ছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেমিক, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।
অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেছা বেগম সভাপতিত্ব করেন। এছাড়া বক্তব্য দেন ডেপুটি জাতীয় কমিশনার অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ ও সাবিনা ফেরদৌস।
কী-শব্দ: নতুন শিক্ষাক্রম, নাগরিক শিক্ষা, নেতৃত্ব বিকাশ