চলতি বছরের পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৬২ হাজার ৫২৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে সেখানে ইন্তেকাল করেছেন ১৭ জন বাংলাদেশি হজযাত্রী।
সোমবার (১৮ মে) প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানিয়েছে আইটি হেল্পডেস্ক।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫৮ হাজার ৮৪ জন।
এ পর্যন্ত মোট ১৬১টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৮২টি ফ্লাইটে গেছেন ৩২ হাজার ৫০৮ জন। সৌদি এয়ারলাইনসের ৫৭টি ফ্লাইটে পৌঁছেছেন ২১ হাজার ১৬১ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন।
অন্যদিকে, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১৭ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৫ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ১২ জন ও মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে জেদ্দা, মিনা, আরাফা কিংবা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন।
এবার হজ কার্যক্রম পরিচালনার জন্য ৩০টি লিড হজ এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে। গত ১৮ এপ্রিল শুরু হয় হজযাত্রীদের সৌদি যাত্রা, যা চলবে আগামী ২১ মে পর্যন্ত।
হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে। আর শেষ ফিরতি ফ্লাইট দেশে পৌঁছাবে আগামী ৩০ জুন।
কী-ওয়ার্ড:হজযাত্রী,সৌদি আরব,হজ বুলেটিন