চলতি বছরের হজ কার্যক্রমের অংশ হিসেবে এখন পর্যন্ত ১০১টি ফ্লাইটে মোট ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান,শুক্রবার সকাল ১০টা পর্যন্ত সবগুলো ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। হজ বুলেটিন অনুযায়ী, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
চিকিৎসাসেবার বিষয়ে জানানো হয়, সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে সেবা দিয়েছে। এছাড়া তথ্যপ্রযুক্তি সহায়তার মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন চিকিৎসাসেবা পেয়েছেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এই কার্যক্রম পরিচালনায় মোট ৬৬০টি এজেন্সি কাজ করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
বিমান সংস্থাভিত্তিক তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬টি ফ্লাইটে ১৮ হাজার ৯৯২ জন, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ফ্লাইটে ১৪ হাজার ৪৫৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৪২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
অবশিষ্ট ৩৭ হাজার ৭৫৬ জন হজযাত্রী পর্যায়ক্রমে সৌদি আরবে পৌঁছাবেন বলে জানা গেছে। এর আগে ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট যাত্রা শুরু করে, যার উদ্বোধন করেন তারেক রহমান।
হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন। এ পর্যন্ত ঢাকায় সৌদি দূতাবাস ৭৮ হাজার ৩৪৬টি ভিসা ইস্যু করেছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।
কী-ওয়ার্ডস:হজ ফ্লাইট,বাংলাদেশ যাত্রী,সৌদি আরব