শুভেন্দু অধিকারীর একান্ত ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গন। বিধানসভা নির্বাচনে বিজেপির বড় জয়ের মাত্র তিন দিনের মাথায় এই হামলার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় চলন্ত গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা অন্তত চার রাউন্ড গুলি ছোড়ে। এতে গুরুতর আহত হন চন্দ্রনাথ রথ। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হামলায় তার সঙ্গে থাকা বুদ্ধদেব বেরা আহত হয়েছেন।
চন্দ্রনাথ রথ দীর্ঘদিন ধরে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করছিলেন। রাজনৈতিক যোগাযোগ, সভা-সমাবেশের তদারকি থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রমের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাতেন তিনি। সদ্য সমাপ্ত নির্বাচনে শুভেন্দুর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা ছিল তার।
স্থানীয় সূত্রের দাবি, রাতে চন্দ্রনাথের গাড়ির পিছু নেয় মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত। দোহারিয়া এলাকায় পৌঁছানোর পর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া গাড়ির কাচে একাধিক বুলেটের চিহ্ন দেখা গেছে। হামলাকারীদের মোটরসাইকেলে কোনো নম্বরপ্লেট ছিল না এবং তারা হেলমেট পরিহিত অবস্থায় ছিল বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে। তবে হত্যার পেছনের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইতোমধ্যে বিজেপির একাধিক শীর্ষ নেতা ঘটনাস্থলে পৌঁছেছেন। দলটির সদ্য নির্বাচিত প্রতিনিধিরাও সেখানে অবস্থান করছেন। এছাড়া শুভেন্দু অধিকারীও ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
কী-ওয়ার্ড: শুভেন্দু অধিকারী, বিজেপি হামলা,পশ্চিমবঙ্গ হত্যা