বৃহস্পতিবার, মে ৭, ২০২৬

মা নি ক পা ল

  • নিভে যাওয়া ভোর
  • ২০২৬-০৫-০৬ ২২:০৯:১২

রাতের অন্ধকার তখনও পুরোটা কাটেনি,
আমি ছিলাম গভীর নিদ্রায়…
স্বপ্নের ভেতর ডুবে,
নির্ভার, নিরুদ্বেগ।

সহসা--
ল্যান্ডফোনের তীক্ষ্ণ ধ্বনি
নিস্তব্ধতা চিরে ঢুকে পড়ে ঘরে,
আর আমার অন্তরেও।

চমকে উঠে বসি,
অকারণ এক আশঙ্কা জড়িয়ে ধরে বুক।

কাঁপা হাতে রিসিভার তুলি…
ওপার থেকে ভাইয়ের কণ্ঠ,
ভাঙা, থেমে থেমে…
“মা… খুব ভালো নেই…”

শব্দগুলো ছোট ছিল,
কিন্তু সেই মুহূর্তে
পুরো পৃথিবীটা যেন ভারী হয়ে গেল।

ঘুম ভেঙে যায়,
তবুও বাস্তবটা মানতে চায় না মন…
মনে হয়, এখনই সব ঠিক হয়ে যাবে,
এটা যেন শুধু ভুল শোনা।

তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি,
ভোর তখনও পুরো জাগেনি,
রাস্তা ফাঁকা…
কিন্তু আমার ভেতরটা
অদৃশ্য এক আর্তচিৎকারে ভরা।

মনে মনে শুধু একটাই কথা...
“মা, একটু অপেক্ষা করো…
আমি আসছি…”
কিন্তু…
কিছু অপেক্ষা আর রাখা হয় না।

বাড়ির দরজায় এসে
সব তাড়া থেমে যায়।
ভেতরে…
নীরবতা, মানুষের ভিড়,
আর মাঝখানে
আমার মা...
শান্ত, নিশ্চল,
সব কষ্টের ঊর্ধ্বে।

যে কণ্ঠ আমাকে ডাকত,
আজ সে আর ডাকে না…
যে হাত মাথায় রাখত,
আজ সে আর ছোঁয় না।

আমি দাঁড়িয়ে থাকি…
কাঁদতেও পারি না ঠিক,
শুধু অনুভব করি,
আমার ভেতরের এক পৃথিবী
নিঃশব্দে ভেঙে পড়ছে।

বৈশাখের সেই ভোরে
সূর্য উঠেছিল ঠিকই…
কিন্তু--

বৈশাখের সেই ভোরে
বুকের ভেতর বয়ে গেল কালবৈশাখীর ঝড়,
তছনছ করে দিল
আশীর্বাদের পৃথিবীটা।


এ জাতীয় আরো খবর