বুধবার, এপ্রিল ২৯, ২০২৬

দক্ষিণ সুদানে ছোট বিমান বিধ্বস্ত,১৫ আরোহীর কেউ বাঁচেননি

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৪-২৮ ২৩:১৯:৩১
ছবি: সংগৃহীত।

আফ্রিকার দেশ দক্ষিণ সুদান-এ যাত্রীবাহী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে সব আরোহীর প্রাণহানি ঘটেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় পাইলটসহ ১৫ জনই নিহত হয়েছেন।
সোমবার সকালে রাজধানী জুবা থেকে দক্ষিণ-পশ্চিমে প্রায় ২০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ইয়েই থেকে উড্ডয়ন করা বিমানটির সঙ্গে প্রায় ৩০ মিনিটের মধ্যে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।
প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, বিরূপ আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে। তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি দল।
নিহতদের মধ্যে ১৩ জন সুদানের নাগরিক এবং দু’জন কেনিয়ার নাগরিক রয়েছেন। বিমানটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল।
বিশ্লেষকদের মতে, দক্ষিণ সুদানে বিমান চলাচল ব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের সমস্যা। স্বাধীনতার পর থেকে দেশটিতে একাধিক বিমান দুর্ঘটনা ঘটেছে, যার পেছনে পুরনো উড়োজাহাজ, দুর্বল তদারকি, অতিরিক্ত যাত্রী বহন এবং প্রতিকূল আবহাওয়াকে দায়ী করা হয়।
এর আগেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক প্রাণঘাতী বিমান দুর্ঘটনা ঘটেছে, যা নিরাপত্তা ব্যবস্থার সীমাবদ্ধতাকে আবারও সামনে নিয়ে এসেছে।

কী-ওয়ার্ডঃবিমান দুর্ঘটনা,দক্ষিণ সুদান,আবহাওয়া সমস্যা


এ জাতীয় আরো খবর