মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমন এবং যুদ্ধবিরতি কার্যকর করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ইরান। এর অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোটের সঙ্গে টেলিফোনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, আলোচনায় চলমান যুদ্ধবিরতি প্রচেষ্টার অগ্রগতি এবং সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয়। এ সময় আব্বাস আরাগচি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বর্তমান পরিস্থিতিতে অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়ায় বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর-এ অচলাবস্থা ইউরোপসহ অনেক দেশের জন্য বড় চাপ সৃষ্টি করছে।
বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, কূটনৈতিক সমাধান দ্রুত না এলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।
সার্বিক পরিস্থিতিতে ইরানের এই কূটনৈতিক উদ্যোগকে আঞ্চলিক উত্তেজনা প্রশমনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কী-ওয়ার্ডস:ইরান কূটনীতি,হরমুজ প্রণালী,মধ্যপ্রাচ্য সংকট