রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

জ্বালানি মূল্য সমন্বয়ের পর দূরপাল্লার বাসভাড়া প্রকাশ,নির্ধারিত হলো নতুন হার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-২৬ ১২:৪৯:৩১

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আন্তজেলা ও দূরপাল্লার বাসযাত্রীদের জন্য নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর রুটেও পুনর্নির্ধারিত ভাড়ার তালিকা জানানো হয়েছে।
গত ২৩ এপ্রিল সরকার বাসভাড়া সমন্বয়ের প্রজ্ঞাপন জারি করলেও বিস্তারিত তালিকা প্রকাশ না হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে শনিবার বিআরটিএর ওয়েবসাইটে বিভিন্ন রুটভিত্তিক ভাড়ার নির্দিষ্ট হার প্রকাশ করা হয়।
নতুন তালিকা অনুযায়ী, ঢাকা (সায়েদাবাদ)-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সায়েদাবাদ-সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৮০ টাকা ও ৪০ আসনের বাসে ৭৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সায়েদাবাদ-বরিশাল রুটে যথাক্রমে ৪৬৪ ও ৫৯২ টাকা এবং সায়েদাবাদ-খুলনা রুটে ৫৪১ ও ৬৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম সায়েদাবাদ-টেকনাফ রুটে ৫১ আসনের বাসে ভাড়া ১ হাজার ৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে গাবতলী রুটে ঢাকা-পঞ্চগড়, রংপুর, দিনাজপুর, ঝিনাইদহ, রাজশাহী ও মেহেরপুর রুটেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও কিশোরগঞ্জ রুটেও ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি তেলের নতুন দামের প্রভাব বিবেচনায় মহানগর এলাকায় বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা করা হয়েছে। আন্তজেলায় তা ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে ন্যূনতম ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, নতুন এই ভাড়ার তালিকা কার্যকর হওয়ায় যাত্রীদের ভোগান্তি কমবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরবে বলে আশা করা হচ্ছে।

কীওয়ার্ডস:বাসভাড়া,বিআরটিএ,জ্বালানি মূল্য


এ জাতীয় আরো খবর