বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

কুয়েটকে বিজ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক, শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই

  • শাহেদুজ্জামান শেখ
  • ২০২৬-০৪-০৭ ১৯:১৫:০০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ|
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনার লক্ষ্যে সভাটির আয়োজন করা হয়| অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং তারা বিভিন্ন বিষয়ে ভাইস-চ্যান্সেলরের কাছে তাদের সমস্যাসমূহ উপস্থাপন করে|
শিক্ষার্থীদের উদ্দেশে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তি এবং দেশের ভবিষ্যৎ| তাদের মেধা, সৃজনশীলতা এবং সঠিক দিকনির্দেশনাই পারে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে| আজ আমি সরাসরি শিক্ষার্থীদের কথা শুনলাম, যা ভবিষ্যতে আমাদের একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে| একাডেমিক, আবাসিক, চিকিৎসা ব্যবস্থাসহ সব সেবা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে| কুয়েটকে বিজ্ঞানচর্চা ও গবেষণাভিত্তিক আধুনিক, শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই|”
সভায় বক্তব্য রাখেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী এবং স্বাগত বক্তব্য প্রদান করেন এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও  পরিচালক (ছাত্র-কল্যাণ) কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মাহমুদুল আলম|
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র-কল্যাণ কার্যালয়ের উপ পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব রাজন কুমার রাহা, ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী পরিচালক (ছাত্র-কল্যাণ) শাহ মুহাম্মদ আজমত উল্লাহ|

 


এ জাতীয় আরো খবর