কোম্পানীগঞ্জ প্রতিনিধি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জ্বালানি তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে বাজার তদারকি এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
রোববার বিকেল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে যায়,ছিদ্দিক কমার্শিয়াল সিন্ডিকেট, তানিশা এন্টারপ্রাইজ, কামাল মটরস অয়েল এন্ড পার্টসসহ প্রতিষ্ঠানগুলোতে পেট্রোল, ডিজেল ও অক্টেন-এর মজুদ এবং বিতরণ তদারকি এবং ক্রেতাদের কাছে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেয়া হয়।
পরে উপজেলায় ২২ টনের ঊর্ধ্বে বালুবাহী ট্রাক চলাচলের নিষেধাজ্ঞা অমান্য করায় একটি বালুবাহী ট্রাককে আটক করা হয়। অনুমোদিত সীমার চেয়ে ৬ টন বেশি ও চালক রিয়াদের ড্রাইভিং লাইসেন্স না থাকায় এবং 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০' লঙ্ঘনের দায়ে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম জানান, জনস্বার্থে প্রশাসনের এমন কঠোর অবস্থান ও তদারকি অব্যাহত থাকবে।