সোমবার, আগস্ট ১৭, ২০২৬

জ্বালানি সরবরাহে নতুন সীমা, রাইড শেয়ার মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ৫ লিটার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৩-১০ ১৩:৫৫:১৫
ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি তেলের সরবরাহে নতুন সীমা নির্ধারণ করেছে সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেল চালকেরা দিনে নির্দিষ্ট সীমার বেশি তেল নিতে পারবেন না। তবে মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকেরা দিনে সর্বোচ্চ ৫ লিটার অকটেন বা পেট্রল নিতে পারবেন। সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে দিনে ২০০ টাকার তেল নেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি করা বাধ্যতামূলক। সংকটের অজুহাতে দাম বাড়ানো আইনগত অপরাধ এবং তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।
রাইড শেয়ারিং মোটরসাইকেলের ক্ষেত্রে তেল নেওয়ার সময় চালককে তেলের ধরন ও পরিমাণ উল্লেখ করে বিলের রশিদ নিতে হবে। পরবর্তীবার তেল কেনার সময় আগের রশিদ জমা দিতে হবে। পাশাপাশি মোটরসাইকেলের নিবন্ধন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে মিলিয়ে তেল সরবরাহ করতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়ার নির্দেশনা দিয়েছিল বিপিসি।
নতুন নির্দেশনা অনুযায়ী ব্যক্তিগত গাড়ি দিনে ১০ লিটার তেল নিতে পারবে। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা জিপ এবং মাইক্রোবাসের জন্য দৈনিক ২০ থেকে ২৫ লিটার তেল নির্ধারণ করা হয়েছে। পিকআপ বা লোকাল বাস দিনে ৭০ থেকে ৮০ লিটার ডিজেল নিতে পারবে। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে।
বিপিসি জানিয়েছে, জনগণের ভোগান্তি কমাতে এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বিদেশ থেকে তেল আমদানি অব্যাহত রয়েছে। পাশাপাশি ডিলারদের মাধ্যমে রেল ওয়াগন ও ট্যাংকারের সাহায্যে সারাদেশে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সংকটের অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় না করা এবং বিপিসির নির্দেশনা মেনে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

কী-ওয়ার্ড:জ্বালানি তেল সীমা,বিপিসি নির্দেশনা,রাইড শেয়ার মোটরসাইকেল


এ জাতীয় আরো খবর