মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০৮ ডলারে, কাঁপছে বিশ্ববাজার

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৯ ১০:৫১:১৫
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের প্রভাব পড়েছে বিশ্ব জ্বালানি বাজারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়তে থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১০৮ ডলারে পৌঁছেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে জানায়, মধ্যপ্রাচ্যে সহিংসতা বাড়ার পর তেলের সরবরাহ সংকট নিয়ে উদ্বেগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েল-এর দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।
২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরুর পর একদিনে এটিই তেলের দামের সবচেয়ে বড় বৃদ্ধি বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এর আগে গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছিল।
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেলের সরবরাহ বাজার থেকে কমে যাচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে গেছে, যা ২০২২ সালের পর প্রথমবার।
সপ্তাহান্তে ইরানের রাজধানী তেহরান ও আশপাশের অন্তত পাঁচটি জ্বালানি স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে। হামলার পর তেহরানে ধ্বংসস্তূপের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে।
এদিকে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় কুয়েত ন্যাশনাল অয়েল কোম্পানি সতর্কতামূলকভাবে উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্যপথ হরমুজ প্রণালি কার্যত এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। সাধারণত সমুদ্রপথে পরিবাহিত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই পথ দিয়েই পরিবহন করা হয়।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লেনদেন শুরুতেই প্রায় ১৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ ডলারের বেশি হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও প্রায় ১৯ শতাংশ বেড়ে ১০৮ ডলারের কাছাকাছি পৌঁছেছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, তেলের এই মূল্যবৃদ্ধি বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য সাময়িক মূল্য এবং এটি যুদ্ধের স্বল্পমেয়াদি প্রভাব। তাঁর মতে, ইরানের পারমাণবিক হুমকি দূর হলে তেলের দাম দ্রুত কমে আসবে।
তবে ইরান পাল্টা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তেলের দাম আরও বাড়তে পারে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক মুখপাত্র বলেন, যুদ্ধ চলতে থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারও ছাড়িয়ে যেতে পারে।
এদিকে তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও। সোমবার জাপানের নিক্কেই সূচক ৬ দশমিক ৩ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক কমেছে ৫ দশমিক ৯ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক প্রায় ৩ দশমিক ৯ শতাংশ নেমে গেছে।
বিশ্লেষকদের মতে, প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেলের ঘাটতি বৈশ্বিক বাজারে বড় চাপ তৈরি করেছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার কোনো ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।

কী-ওয়ার্ড:মধ্যপ্রাচ্য যুদ্ধ,তেলের দাম বৃদ্ধি,বিশ্ব জ্বালানি বাজার


এ জাতীয় আরো খবর