বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার (৬ মার্চ) সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে।
জুমার নামাজের পর মিছিলটি বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দলটির পক্ষ থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দুই সাবেক উপদেষ্টার বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’য়ের অভিযোগ তোলা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করে জনগণের রায় পরিবর্তনের অভিযোগে সৈয়দা রেজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হোক।
জামায়াতের ঢাকা মহানগরী শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সৈয়দা রেজওয়ানা হাসানের একটি সাক্ষাৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জামায়াত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে জিজ্ঞাসাবাদ করার দাবি জানায়। একদিন পরই এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।
কী-ওয়ার্ডঃজামায়াতে ইসলামী বিক্ষোভ,সৈয়দা রেজওয়ানা হাসান,ড. খলিলুর রহমান