চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে পদ্মা নদীতে বাংলাদেশী একটি ছোট জেলে নৌকার উপর বিএসএফ’র স্পীডবোটের চড়াও হবার অভিযোগ উঠেছে । এ সময় ওই জেলে নৌকায় বিএসএফ গুলি করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই জেলে নৌকার আরোহি দুই বাংলাদেশী জেলের একজন আহত হয়েছেন ও অপর একজন নিখোঁজ হয়েছেন। আহত জেলে হলেন, শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মনোহরপুর গ্রামের মো. মনিমুলের ছেলে মো.মোরশেদ (৩২)। অপরদিকে নিখোঁজ রয়েছেন একই গ্রামের চান মন্ডলের ছেলে ফকির (৩০)। মোরশেদকে অন্য জেলেরা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় ও বিজিবি সূত্রে জানা গেছে, গত বুধবার (৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) রঘুনাথপুর বিওপির আওতাধীন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়দের অভিযোগ ঘটনাটি বাংলাদেশের জলসীমায় ঘটেছে। অপরদিকে বিজিবি যোগাযোগের পর বিএসএফ দাবি করেছে, ঘটনাটি ভারতীয় জলসীমার ২ শত গজ ভেতরের। এ ছাড়া খোঁজের ব্যাপারে বিএসএফ জানিয়েছে,তারা কাউকে আটক করে নি।
দূর্লভপুর ইউপি চেযারম্যান গোলাম আজম বলেন, অন্ধকারে জলসীমা কোন দেশের তা সবসময় ঠিক করা যায় না। পদ্মায় দুই দেশের জেলেরাই মাছ ধরে। তবে বিএসএফ বোটের বাংলাদেশী নৌকার উপর উঠে যাওয়া ও জেলেদের উপর ছররা বা রাবার গুলি ছোঁড়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতীয় বোটের প্রপেলারে কেটে-ছিঁড়ে ও গুলিতে আহত জেলে চিকিৎসাধীণ রয়েছেন। তবে অপরজন নিখোঁজ। ইউপির ৮ নং ওয়ার্ডের সাবেক সদস্য তোজম্মেল হক এবং ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ শাহীন কাদির একই অভিযোগ করেন।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার(৫ মার্চ) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওযা যায়নি। তবে বিজিবি ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালে আহত ব্যাক্তির সাথে কথা বলা হবে। তদন্তের পর এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদের বিষয়টি জানানো হবে।
তিনি আরও বলেন,প্রাথমিকভাবে বিজিবি জানতে পেরেছে, ৩ বাংলদেশী ইলিশ ধরতে ভারতের জলসীমায় প্রবেশ করে। তাঁদের একজন বিএসএফর ধাওয়ায় বাংলাদেশে ফেরত আসে। অপর একজন পানিতে পড়ে স্পীডবোটের প্রপেলারের আঘাতে আহত হয়। তবে তাঁর দেহে গুলির আঘাত রয়েছে কিনা তা তদন্ত করা হবে। তাঁর ছবিতে যে আঘাত দেখা যাচ্ছে তাতে তা গুলির আঘাতও হতে পারে। ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নিমতিতা ক্যাম্পের এলাকায় ঘটনাটি ঘটে বলেও জানান অধিনায়ক মুস্তাফিজ।