সাতক্ষীরা : সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) নববর্ষ ১৪৩৩ উদযাপনে সকাল ৮টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট পার্কে জাতীয় সংগীত পরিবেশন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক সূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা আখতার।
তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক-যা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রায় ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ, গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী উপস্থাপন এবং বাঙালির লোকজ সংস্কৃতির বিভিন্ন নিদর্শন।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক-এর মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পুলিশ সুপার আরেফিন জুয়েল, জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার, সাতক্ষীরার সিভিল সার্জন আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে জেলা বিএনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, বিএনপি নেতা আব্দুর রউফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় স্থানীয় শিল্পীরা গান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।