শনিবার, জুন ২৭, ২০২৬

বাংলা একাডেমিতে বৈশাখী মেলার ধুম,শিল্প-সংস্কৃতির বিকাশে নতুন প্রত্যাশা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-১৪ ২৩:২৩:৫৫
ছবি: সংগৃহীত।

বাংলা নববর্ষ ১৪৩৩ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে সাত দিনব্যাপী বৈশাখী মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বৈশাখী মেলা কেবল সাংস্কৃতিক উৎসব নয়, এটি দেশের শিল্প ও সংস্কৃতি খাতের বিকাশে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করেন।
শিল্পমন্ত্রী তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে বৈশাখকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা থাকলেও এবার তা কাটিয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ হচ্ছে, যা দেশের মানুষের শৃঙ্খলা ও সম্প্রীতিরই প্রতিফলন।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ কারুশিল্পী, ক্ষুদ্র উদ্যোক্তা ও গৃহভিত্তিক উৎপাদন ব্যবস্থার সৃজনশীলতা জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে। এ খাতের উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এবারের মেলায় মোট ১৬০টি স্টল অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে চামড়াজাত পণ্য, জামদানি, নকশিকাঁথা, বস্ত্র, শতরঞ্জি ও মণিপুরি শাড়ির স্টল। পাশাপাশি রয়েছে কারুশিল্পী জোন, শিশুদের বিনোদন ব্যবস্থা, পুতুলনাচ, বায়োস্কোপ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
মেলা আগামী ২০ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

কী-ওয়ার্ড: বৈশাখী মেলা,ক্ষুদ্র শিল্প,বাংলা একাডেমি


এ জাতীয় আরো খবর