যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর যুদ্ধের প্রথম দুই দিনে অন্তত এক লাখ মানুষ তেহরান ছেড়ে অন্যত্র সরে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা। বুধবার প্রকাশিত এক পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরে ইউএনএইচসিআর।
প্রতিবেদনে বলা হয়, ইরানে সাম্প্রতিক হামলার পর রাজধানী তেহরান থেকে আনুমানিক এক লাখ মানুষ চলে গেছেন। তবে এখন পর্যন্ত বড় পরিসরে সীমান্ত পেরিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার প্রবণতার স্পষ্ট লক্ষণ দেখা যায়নি।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আফগানিস্তানের সঙ্গে ইসলাম কালা সীমান্ত ক্রসিংয়ে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হয়নি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে ইরান উপসাগরীয় অঞ্চলজুড়ে ইসরাইলের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
কী-ওয়ার্ডঃতেহরান নগরত্যাগ,ইউএনএইচসিআর প্রতিবেদন,মধ্যপ্রাচ্য সংঘাত