বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

রু শো আ র ভি ন য় ন

  • ভোজসভা
  • ২০২৬-০৩-০৫ ১০:০১:২৩

পেটের মাঝে দারুণ ক্ষুধা
খাচ্ছি চেটেপুটে,
দেশটাকেও আজ খাচ্ছি গিলে
সবই হাতের মুঠে।

হাট খাচ্ছি, মাঠ খাচ্ছি
খাচ্ছি নদীর জল,
সাদা পাথর, কালো পাথর
কি আছে আর বল?

গাছ খাচ্ছি, মাছ খাচ্ছি
খাচ্ছি তাজা প্রাণ,
মরা লাশও যাচ্ছেনা বাদ
দিয়েছি দাঁতে শান।

বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড
সবই জিভের তলে,
স্কুল কলেজ ভার্সিটিও
খাচ্ছি ছলেবলে।

ধর্ম খাচ্ছি, কর্ম খাচ্ছি
খাচ্ছি সবার ভোট,
আইন খাচ্ছি দুমড়েমুচড়ে
তাই বেঁধেছি জোট।

বদ ঢেকুরে মরণ আমার
সে কথা আজ ভুলে,
আরেক লোকমা দেশটাকে
নিলাম মুখে তুলে।

শেষে যখন দেখবো হাতে
খাওয়ার কিছু নাই,
ভাববো তখন অট্ট হেসে
নিজেকেও খাওয়া যায়।


এ জাতীয় আরো খবর