ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার ৪ মার্চ সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী যৌথভাবে এ রিট দায়ের করেন।
রিট আবেদনকারীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। আবেদনে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
এর আগে ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
রিটে প্রশাসক নিয়োগের প্রক্রিয়া ও আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আদালত বিষয়টি শুনানির জন্য গ্রহণ করলে প্রশাসনিক ব্যবস্থাপনায় এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
কীওয়ার্ডস: সিটি করপোরেশন রিট, প্রশাসক নিয়োগ চ্যালেঞ্জ, হাইকোর্ট মামলা