শনিবার, মার্চ ৭, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাব সভাপতির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৬-০৩-০৩ ১৮:৪২:৩৪

সাতক্ষীরা : সংবাদ প্রকাশের জের ধরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর নগ্ন হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় শহরের নিউ মার্কেট চত্বরে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দেশ টিভির সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন, যমুনা টিভির আকরামুল ইসলাম, এখন টিভির আহছান রাজিব, প্রেসক্লাবের অর্থসম্পাদক ফরিদ আহমেদ ময়না, মানবজমিনের প্রতিনিধি এসএম বিপ্লব হোসেন, সাংবাদিক আমিনুর রহমানসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এম. বেলাল হোসাইন। 
বক্তারা এসময় বলেন, গত কয়েকদিন পূর্বে শ্যামনগরের বালুখোরদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক শামিউল মনিরকে গতকাল সোমবার প্রেসক্লাবের ভেতর থেকে টেনে হিচড়ে বের করে নগ্ন হামলা চালানো হয়। ৫ আগস্টের পরে বর্তমান এই বাংলাদেশে এধরনের হামলা মেনে নেওয়া যায় না। হামলার পর মামলা নেওয়ার বিষয়েও প্রশাসনের গড়িমশি করাকে আমাদের ভাবিয়ে তুলেছে। এই বালুখোরদের হোতা আব্দুর রহমান বাবু, আনারুল ইসলাম আঙ্গুরসহ এই চক্রটি মোটা অংকের অর্থের বিনিময়ে প্রশাসনকে ম্যানেজ করার জন্য তারা বর্তমানে মরিয়া হয়ে উঠেছে। বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।


এ জাতীয় আরো খবর