শুক্রবার, মার্চ ৬, ২০২৬

কাতারে এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০৩ ১৫:২২:২৭
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দেশ কাতার সরকার দেশটিতে প্রবেশের সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ আরও এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
দোহায় অবস্থিত কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে, সেগুলোর ক্ষেত্রে এই বাড়তি সময় প্রযোজ্য হবে। চলমান পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, মেয়াদ বাড়ানোর পুরো প্রক্রিয়া ইলেকট্রনিক পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। এ জন্য কোনো অতিরিক্ত ফি দিতে হবে না। ভিসাধারীদের সংশ্লিষ্ট দপ্তরে সশরীরে উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন করারও প্রয়োজন নেই।
তবে যাদের ভিসার মেয়াদ ২৮ ফেব্রুয়ারির আগেই শেষ হয়েছে এবং যারা নিয়ম লঙ্ঘন করেছেন, তাদের নির্ধারিত জরিমানা বা বকেয়া পরিশোধ করতে হবে। বকেয়া পরিশোধের পরই তারা ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া বাড়তি সময় ও ফি মওকুফের সুবিধা পাবেন।
বিবৃতিতে বলা হয়েছে, সব ধরনের এন্ট্রি ভিসা এই সিদ্ধান্তের আওতায় থাকবে। মূলত বর্তমান পরিস্থিতিতে ভ্রমণকারী ও বৈধভাবে অবস্থানকারীদের আইনি স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

কী-ওয়ার্ডস: কাতার ভিসা, এন্ট্রি ভিসা বাড়ানো, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভিসা মেয়াদ বৃদ্ধি

 


এ জাতীয় আরো খবর