মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি,যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানের জেরে বিস্তৃত সংঘাত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৩-০২ ০৩:৩৩:২২
ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যজুড়ে দ্রুত ছড়িয়ে পড়েছে ভয়াবহ সংঘাত। শনিবার শুরু হওয়া অভিযানের প্রতিক্রিয়ায় ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলসহ অন্তত আটটি দেশে। পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ ক্রমেই বাড়ছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক আক্রমণ চালিয়েছে। ইসরায়েলি বিমানবাহিনীর দাবি, গত ২৪ ঘণ্টায় ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৪টিতে ১,২০০টির বেশি গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।
অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অন্তত ২৭টি ঘাঁটি এবং ইসরায়েলের তেল আবিবসহ বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
ইরানের পাল্টা হামলায় আক্রান্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ হামলা প্রতিহত করতে সক্ষম হলেও বিভিন্ন স্থানে হতাহতের খবর পাওয়া গেছে।
রবিবার ১৫:০০ জিএমটি পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী হতাহতের চিত্র উদ্বেগজনক।
ইরানে নিহত হয়েছেন ২০১ জন, আহত ৭৪৭। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছে মিনাব শহরে, যেখানে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় ১৪৮ জন নিহত হয়েছেন।
ইসরায়েলে নিহত ১০, আহত ১২১। বেইত শেমেশ এলাকায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন এবং তেল আবিবে একজন নিহত হন।
যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন বলে মার্কিন সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতে নিহত ৩ ও আহত ৫৮। আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে হতাহতের ঘটনা ঘটে।
কুয়েতে নিহত ১, আহত ৩২। আল-সালেম বিমানঘাঁটি ও আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এই ক্ষয়ক্ষতি হয়।
ইরাকে নিহত ২, আহত ৫। জুরফ আল-সাখর ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।
কাতারে আহত ১৬। আল উদেদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ওমানে আহত ৫। দুকম বন্দর ও উপকূলীয় অঞ্চলে তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় তারা আহত হন।
বাহরাইনে আহত ৪। মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়।
জর্ডানে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে সম্পত্তির ক্ষতি হয়েছে।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি স্থানে সামরিক ঘাঁটি রয়েছে। এর মধ্যে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে। ২০২৫ সালের মাঝামাঝি হিসাব অনুযায়ী, পুরো অঞ্চলে প্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
চলমান এই সংঘাতের ফলে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। উদ্ধার তৎপরতা ও সামরিক অভিযান অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 


এ জাতীয় আরো খবর