দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের আনুষ্ঠানিক ছবি প্রকাশ করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের ঐতিহাসিক শহর উদয়পুর-এ তেলুগু ঐতিহ্য মেনে সম্পন্ন হয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।
নবদম্পতি নিজেদের সামাজিক মাধ্যমে বিয়ের প্রথম ঝলক শেয়ার করতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ভক্তদের কাছে ‘বিরোশ’ নামে পরিচিত এই জুটির বিয়ের ছবি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
ছবিতে বিজয়কে দেখা গেছে সাদা ধুতি ও লাল জমকালো উত্তরীয়তে, সঙ্গে ভারী সোনার অলংকার। অন্যদিকে রাশমিকা পরেছিলেন সূক্ষ্ম কারুকাজ করা লাল শাড়ি ও কপালে সোনার টায়রা, যা তার সাজে রাজকীয় আবহ এনে দিয়েছে। দক্ষিণ ভারতীয় রীতি অনুসারে কুনজর এড়াতে দুজনের গালেই ছিল কালো তিলের চিহ্ন।

বিয়ের ছবি প্রকাশের পাশাপাশি অনুভূতিও ভাগ করে নিয়েছেন বিজয়। তিনি লেখেন, রাশমিকার সান্নিধ্যেই তিনি ঘরের স্বস্তি খুঁজে পান এবং প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পাওয়াকে জীবনের বড় আশীর্বাদ মনে করেন। রাশমিকাও এক আবেগঘন পোস্টে বিজয়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা প্রকাশ করেন।
২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দম ছবিতে একসঙ্গে অভিনয়ের পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। অবশেষে দুই পরিবারের উপস্থিতিতে তেলুগু রীতির পাশাপাশি কনের পারিবারিক কোডাভা আচার মেনে সম্পন্ন হয় বিয়ের সকল আনুষ্ঠানিকতা।
ইতোমধ্যে তাদের বিয়ের ছবিগুলো অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসছেন নবদম্পতি।
কীওয়ার্ডস:বিজয়-রাশমিকা বিয়ে,উদয়পুর আয়োজন,বিরোশ জুটি