বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

শিক্ষা ক্যাডারে নতুন গতি: ৪৪তম বিসিএসের ৩২৬ প্রভাষকের পদায়ন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০২-২৫ ১১:৩৫:৩৬

দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট কাটাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে প্রভাষক পদে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-এর সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের ভিত্তিতে এসব কর্মকর্তাকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত কর্মকর্তারা ইতোমধ্যে অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে সুপারিশ করা হলেও চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা যোগদান করেন। তাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর কর্মরত থাকতে হবে। এ সময়ের মধ্যে বদলির আবেদন গ্রহণ করা হবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের নির্দেশ দেওয়া হয়েছে, কর্মকর্তারা যোগদানের পর সে-সংক্রান্ত প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এ পাঠাতে হবে।
এছাড়া, পদায়ন করা কলেজে পদ শূন্য না থাকলে বা অন্য কোনো প্রশাসনিক জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তার যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।
শিক্ষা সংশ্লিষ্ট মহলের মতে, নতুন এই পদায়নের ফলে দেশের সরকারি কলেজগুলোতে পাঠদান কার্যক্রমে গতি আসবে এবং দীর্ঘদিনের শিক্ষক ঘাটতি অনেকাংশে কমবে।

কী-ওয়ার্ডস: ৪৪তম বিসিএস, শিক্ষা ক্যাডার পদায়ন, সরকারি কলেজ প্রভাষক, শিক্ষা মন্ত্রণালয়


এ জাতীয় আরো খবর