তোমার জন্য আবির রাখি পাঁচ-আঙুলের চাপে।
তোমার উষ্ণতা আজও মাখি ভগ্ন মনস্তাপে।
তোমায় যেদিন প্রথম দেখি, মুখে লোকোগান-
আমার ছোঁড়া আবিরে তোমার মৃদু অভিমান,
পাঞ্জাবিতে রং ছুঁড়লে? সাহস তোমার বড়!
এখনো কি গান গাওয়া শেষ হয়েছে তেমনতরো?
আমার মুখে মুচকি হাসি, বাতাসে কাঠমল্লিকা।
তোমার সাধের একতারাতে 'প্রসাদ কালিকা'।
আমার প্রিয় সোনাঝুরি, তোমার রবীন্দ্রনাথ।
তোমার হলুদ পাঞ্জাবি, আর আমার শাড়ি তাঁত।
আমার তখন বসন্ত দোল, তোমার 'প্রেমিক'মাস।
আমার চুলের খোঁপায় গোজা, তোমার লালপলাশ।
তোমার মুঠোয় বাঁদুড়ে রং, আমার শ্যামলা মুখ।
তোমার মাথা ভর্তি চুলে আমার আবিরের সুখ।
তোমার মাথায় শাল-মহুয়া, আমার চৈতি'রোদ।
মুখে আবির মাখিয়ে দিয়ে বলেছিলে শোধবোধ।
আমার চোখে জল থৈ থৈ, প্রিয় হারিয়ে যাবার।
আমার হৃদয়পদ্মে আছে সেসব স্মৃতি জোগাড়।