শুক্রবার, মার্চ ৬, ২০২৬

ঈদে রেকর্ড ১৬ সিনেমার হিড়িক: হলসংকটে শেষ পর্যন্ত কয়টি আসছে বড় পর্দায়?

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০২-২৪ ২১:০৪:০০
ছবি: সংগৃহীত।

দেশের চলচ্চিত্র অঙ্গনে দুই ঈদ মানেই বাড়তি উচ্ছ্বাস। বছরের অন্য সময় মুক্তির গতি কিছুটা শ্লথ থাকলেও ঈদকে ঘিরে নির্মাতা-প্রযোজকদের ব্যস্ততা কয়েকগুণ বেড়ে যায়। গত বছর দুই ঈদ মিলিয়ে যেখানে ১২টি সিনেমা মুক্তি পেয়েছিল, সেখানে এবার রোজার ঈদেই সম্ভাব্য মুক্তির তালিকায় রয়েছে রেকর্ড ১৬টি সিনেমা। ফলে প্রশ্ন উঠেছে-সবগুলো কি শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে জায়গা পাবে?
আলোচনার কেন্দ্রে বরাবরের মতোই ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স: ওয়ানস আপন অ্যা টাইম ইন ঢাকা’ সিনেমায় তাকে দেখা যাবে নব্বই দশকের এক গ্যাংস্টার চরিত্রে। একইসঙ্গে বড় পর্দায় ফিরছেন আফরান নিশো; রেদওয়ান রনির ‘দম’ সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।
এছাড়া সিয়াম আহমেদ ও টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি অভিনীত ‘রাক্ষস’, নির্মাতা রায়হান রাফী-এর ‘প্রেশার কুকার’ও রয়েছে আলোচনায়।
এবার সাহিত্যনির্ভর সিনেমার উপস্থিতিও চোখে পড়ার মতো। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর গল্প অবলম্বনে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ এবং কবি জীবনানন্দ দাশ-এর কবিতা থেকে অনুপ্রাণিত মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’ ইতোমধ্যে কৌতূহল তৈরি করেছে। পাশাপাশি সামাজিক প্রেক্ষাপটে নির্মিত রাশিদ পলাশের ‘রঙবাজার’ ও পোশাকশিল্পের ঝুট ব্যবসা ঘিরে ইফফাত জাহান মম’র ‘কাট পিস’ও মুক্তির অপেক্ষায়।
তালিকায় আরও রয়েছে পরীমণি, মাহিয়া মাহি ও ববির সিনেমা। সম্ভাব্য মুক্তির সারিতে আছে- ‘পিনিক’, ‘ট্রাইব্যুনাল’, ‘হাঙর’, ‘মালিক’, ‘দুর্বার’, ‘ডোডোর গল্প’, ‘তছনছ’ ও ‘অফিসার’।
তবে একসঙ্গে এত সিনেমা মুক্তির সম্ভাবনায় সামাজিক মাধ্যমে সংশয়ও দেখা দিয়েছে। অনেকের মতে, প্রচারণার ঘাটতি ও হলসংকট বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে দেশে চালু প্রেক্ষাগৃহের সংখ্যা প্রায় ১৪১টি, যার মধ্যে স্টার সিনেপ্লেক্স-এর ৭টি শাখা রয়েছে। ঈদ মৌসুমে হলগুলো সরব থাকলেও মৌসুম শেষে অনেক প্রেক্ষাগৃহই সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
নির্মাতা তানিম নূর আশাবাদী। তার মতে, সিনেমার সংখ্যা বাড়লে দর্শকও বেশি হলমুখী হন, যা পুরো ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক বার্তা। অন্যদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি-এর সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল বলেন, সারা বছর নীরব থাকার পর ঈদে সিনেমার ঢল নামায় সব ছবি একসঙ্গে চালানো সম্ভব হয় না; দর্শক চাহিদা বিবেচনায় সীমিত সংখ্যক সিনেমা প্রদর্শন করতে হয়।
সব মিলিয়ে এবারের ঈদে বড় পর্দায় জমজমাট লড়াইয়ের আভাস মিলছে। এখন দেখার বিষয়- ঘোষিত ১৬ সিনেমার মধ্যে শেষ পর্যন্ত কয়টি জায়গা করে নেয় প্রেক্ষাগৃহে।

কী-ওয়ার্ডস: ঈদে সিনেমা মুক্তি, শাকিব খান, হলসংকট, রোজার ঈদ ২০২৬, বাংলা চলচ্চিত্র শিল্প

 


এ জাতীয় আরো খবর