বুধবার, আগস্ট ১৯, ২০২৬

প্র দী প গু প্ত

  • সার্থক জনম আমার
  • ২০২৬-০২-২২ ১০:২৭:১৭

হেমন্তের মাঠে, পোয়াতি শস্যের মতো
শুয়ে আছে আমার ভালোবাসার ভাষা 
গর্ভে তার শব্দসন্তান।
সুরঞ্জনা, 
এসময়ে ভাতের গন্ধ নিয়ে 
পৃথিবীতে বারবার ফিরে আসো তুমি।
সুখের আলপনা এঁকে দাও
বুভুক্ষু চাষীর তোবড়ানো গালের ভিটেতে।
চাষীনীর ডুরে কাটা নতুন আঁচলে বেঁধে দাও সোনালি ধানের ছড়া।
ভাষার এ গর্বিত গর্ভ দেখবো বলে
বারবার নেমে আসি মাটির অঙ্গনে।
এতো প্রেম, এতো ভালোবাসা
পৃথিবী দেখেনি কোনোদিনও --

এ যেন কুয়াশা চোখের স্বপ্নের মতো। 
যেন ঠিক উথলে ওঠা স্তনে মুখ গুঁজে 
খিলখিল করে হেসে ওঠা শিশুসূর্যের হাসি।
এবার এলে আমি আর ফিরে যাবো না কোথাও
তোমার শব্দ ভালোবাসার গর্ভে প্রেমিকের জন্ম নেবো


এ জাতীয় আরো খবর