অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে প্রকাশকদের জন্য বড় স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন বইমেলায় অংশগ্রহণের ক্ষেত্রে স্টল ভাড়া ৫৫ শতাংশ মওকুফ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন অমর একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকাশনা শিল্পের বর্তমান সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনার লক্ষ্যে মঙ্গলবার বিকেল ৩টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে প্রকাশকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সভায় অংশ নেওয়া প্রকাশকরা কাগজের মূল্য বৃদ্ধি, বিক্রি কমে যাওয়া এবং সামগ্রিক প্রকাশনা খাতের চ্যালেঞ্জ তুলে ধরে সরকারের কাছে বিভিন্ন দাবি উপস্থাপন করেন। সংস্কৃতি উপদেষ্টা এসব দাবির অধিকাংশের সঙ্গে একমত পোষণ করে গ্রন্থনীতি প্রণয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মন্ত্রণালয়ে লিখিত প্রস্তাব জমা দেওয়ার আহ্বান জানান।
এ সময় উপদেষ্টা ঘোষণা দেন, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অমর একুশে বইমেলা ২০২৬-এ অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য স্টল ভাড়া সরকারিভাবে ৫৫ শতাংশ কমানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রকাশক ইতোমধ্যে পূর্ণ স্টল ভাড়া জমা দিয়েছেন, তাদের অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বইমেলা কর্তৃপক্ষ। আর যারা এখনো টাকা জমা দেননি, তারা সংশোধিত হারে সরাসরি ভাড়া পরিশোধ করতে পারবেন।
সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ডসঃঅমর একুশে বইমেলা,স্টল ভাড়া মওকুফ,প্রকাশনা শিল্প