বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

নিরঙ্কুশ জয়ে ইতিহাসে তাকাইচি,জাপানের নিম্নকক্ষে এলডিপির দুই-তৃতীয়াংশ দখল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০৯ ২৩:০১:৩২
ফাইল ছবি

জাপানের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বর্তমান প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, দেশটির শক্তিশালী পার্লামেন্টের নিম্নকক্ষে প্রথমবারের মতো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে ক্ষমতাসীন দলটি।
বার্তা সংস্থা এএফপি জানায়, রোববার অনুষ্ঠিত নির্বাচনের আংশিক ফল অনুযায়ী ৪৬৫ আসনের নিম্নকক্ষে এলডিপি এককভাবে ৩১৬টি আসনে জয় পেয়েছে, যা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজনীয় ৩১০ আসনের সীমা ছাড়িয়েছে। ছোট জোটসঙ্গীদের নিয়ে দলটির মোট আসনসংখ্যা প্রায় ৩৫২-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই ফলাফল নিশ্চিত হলে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তার সংরক্ষণশীল রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে শক্তিশালী জনসমর্থন পেলেন। আগামী চার বছরে ১২৩ মিলিয়ন মানুষের দেশে নীতি ও শাসনে তার প্রভাব আরও দৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তবে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তাকিয়ে আছে তাকাইচির পরবর্তী কূটনৈতিক অবস্থানের দিকে। গত নভেম্বরে তাইওয়ান ইস্যুতে দেওয়া মন্তব্যে বেইজিং অসন্তুষ্ট হওয়ার পর, চীনের সঙ্গে সম্পর্ক তিনি আরও দৃঢ় করবেন নাকি উত্তেজনা কমানোর পথে হাঁটবেন—তা এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
অর্থনৈতিক দিক থেকেও বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কর কমানো ও সরকারি ব্যয় বাড়ানোর সম্ভাবনা জাপানের বিপুল সরকারি ঋণ নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে। তবে রোববার রাতে তাকাইচি বলেন, সরকার দায়িত্বশীল ও সক্রিয় আর্থিক নীতিতে অটল থাকবে এবং সরকারি-বেসরকারি বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী ও স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত অক্টোবরে মাত্র এক বছরের ব্যবধানে জাপানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত মাসেই আকস্মিকভাবে আগাম নির্বাচনের ঘোষণা দেন তাকাইচি-যার ফলেই এলডিপি পেল এই ঐতিহাসিক জয়।

 

কী-ওয়ার্ডসঃ জাপান নির্বাচন,সানায়ে তাকাইচি,এলডিপি জয়,জাপানের রাজনীতি


এ জাতীয় আরো খবর