চেয়েছিলাম তোর কাছে একটা ভরদুপুর
চেয়েছিলি তুই আমার সন্ধ্যা ঢাকা প্রহর
শুনেছিলাম আমি তোর সুর বাজানো বাঁশী
শুনেছিলি তুই আমার মিষ্টি মধুর হাসি
ভেঙেছিলাম আমি তোর স্বপ্ন দেখা ভোর
ভেঙেছিলি তুই আমার মনের দখিন দোর
দিয়েছিলাম আমি তোকে সাঁঝবাতির এক মায়া
দিয়েছিলি আমার কাছে জ্যোস্নামাখা কায়া
দেখেছিলাম তোর চোখেতে আমার ভালোবাসা
দেখেছিলি তুই আমাতে অযুত নিয়ুত আশা
কেড়েছিলাম আমি তোর মাঝদুপুরের ঘুম
কেড়েনিলি তুই আমার তপ্ত আদর চুম
নিয়েছিলাম তোর জমানো মেঘে ঢাকা শ্রাবণ
নিয়েছিলি তুই আমার বর্ষা ঝরা রোদন
জুড়েছিলাম আমি তোর মন প্রাণটা ছুঁয়ে
জুড়েছিলি তুই আমার নীল আকাশটা নিয়ে
হয়েছিলাম আমি তোর নিঝুম রাতের সাথী
হয়েছিলি তুই আমার কষ্ট দিনের রথী
বলেছিলাম আমি তোকে বড্ড ভালোবাসি
বলেছিলি তুই আমাকে তোকে ভালোবাসি।