বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

নির্বাচন ও গণভোটের যুগল পরীক্ষায় থাইল্যান্ড: নতুন সংসদ, নতুন সংবিধানের দ্বারপ্রান্তে দেশ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০৮ ১৩:০৯:৪৪
ছবি: সংগৃহীত।

থাইল্যান্ডে আজ একযোগে অনুষ্ঠিত হচ্ছে নতুন সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ গণভোট। রোববার সকাল থেকেই দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই নির্বাচনকে ঘিরে থাইল্যান্ডের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা তৈরি হয়েছে।
হঠাৎ করেই নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল। তিনি গত তিন বছরে দেশটির তৃতীয় প্রধানমন্ত্রী, যা থাইল্যান্ডের রাজনৈতিক অস্থিরতারই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। এবার ভোটের পাশাপাশি সংবিধান সংস্কার নিয়ে গণভোট হওয়ায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
সমালোচকদের মতে, বর্তমান সংবিধানে অনির্বাচিত সিনেট সদস্যদের হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত রয়েছে, যা গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সেই কারণেই সংবিধান সংস্কারের দাবি দীর্ঘদিনের। আজকের গণভোটে জনগণ নতুন সংবিধানের খসড়া প্রণয়নের অনুমতি দেবেন কি না, সেটিই মূল প্রশ্ন।
নির্বাচনী লড়াইয়ে প্রধানত দুটি রাজনৈতিক শক্তিকে মুখোমুখি দেখা হচ্ছে। একটি হলো রক্ষণশীল ও সেনা-সমর্থিত ভূমজাইথাই পার্টি, অন্যটি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা সংস্কারপন্থী পিপলস পার্টি। দুই দলই বর্তমান জোট সরকারের অংশ হলেও কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে-এমন সম্ভাবনা কম বলেই ধারণা করা হচ্ছে।
এর বাইরে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে ফেউ থাই পার্টি। তবে দলটির সাবেক নেতা পেতংতার্ন সিনাওয়াত্রা ফাঁস হওয়া একটি ফোনালাপের জেরে নেতৃত্ব হারানোর পর দলটি আগের মতো প্রভাব ধরে রাখতে পারেনি বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আজকের ভোটে থাইল্যান্ডের ৫০০ আসনের প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচন করা হচ্ছে। এর মধ্যে ৪০০ আসনে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন এবং বাকি ১০০ আসন বণ্টিত হবে আনুপাতিক ভোটের ভিত্তিতে। ভোটাররা দুটি ভোট প্রদান করছেন—একটি স্থানীয় প্রার্থীকে, অন্যটি পছন্দের রাজনৈতিক দলকে।
থাইল্যান্ডের রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনে জয় মানেই সরকার গঠনের নিশ্চয়তা নয়। এর আগে ২০২৩ সালে মুভ ফরোয়ার্ড পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে পারেনি। সেই অভিজ্ঞতা এবারের নির্বাচনকে আরও অনিশ্চিত ও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

কী-ওয়ার্ডসঃথাইল্যান্ড নির্বাচন,সংবিধান গণভোট,এশিয়ার রাজনীতি


এ জাতীয় আরো খবর