বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

রাশিয়ার তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি,ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-০৭ ১৯:৪৪:২১

রাশিয়া থেকে তেল কেনা বন্ধের অঙ্গীকারের পর ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশ অনুযায়ী, এই সিদ্ধান্ত চলতি সপ্তাহে স্বাক্ষরিত দুই দেশের বাণিজ্য চুক্তির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে।
ঘোষণা অনুযায়ী, মার্কিন সময় শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে ভারতীয় পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক আর কার্যকর থাকবে না। নির্বাহী আদেশে বলা হয়েছে, ভারত রাশিয়ান ফেডারেশন থেকে সরাসরি কিংবা পরোক্ষভাবে তেল আমদানি বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছে।
একই সঙ্গে জানানো হয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি পণ্য কেনার পাশাপাশি আগামী এক দশকের জন্য প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণে একটি নতুন কাঠামোতেও সম্মত হয়েছে নয়াদিল্লি।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার তেল কেনা বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার পরই শুল্ক কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের তথাকথিত পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনাও রয়েছে, যদিও তা কার্যকরের প্রক্রিয়া এখনো শুরু হয়নি।
হোয়াইট হাউসের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নির্দিষ্ট কিছু বিমান ও বিমানের যন্ত্রাংশের ওপর থেকেও শুল্ক প্রত্যাহার করা হবে। পাশাপাশি আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলারের জ্বালানি, বিমান, প্রযুক্তি পণ্য, মূল্যবান ধাতু ও কোকিং কোল আমদানির পরিকল্পনা করেছে ভারত।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে রাশিয়ার তেল কেনা নিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটেছে। একই সঙ্গে ট্রাম্প ও মোদির ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্কের প্রভাবও নতুন করে স্পষ্ট হলো, যা ভবিষ্যতে দুই দেশের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে পারে।

কী-ওয়ার্ডসঃযুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য,শুল্ক প্রত্যাহার,রাশিয়ার তেল


এ জাতীয় আরো খবর