চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নির্বাচনী জনসভা উপলক্ষে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ আসছেন জামায়াত আমীর ডা.শফিকুর রহমান। ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি। জেলা জামায়াত নেতৃবৃন্দ আশা করছেন, লক্ষাধিক লোক জামায়াতের শীর্ষ নেতার জনসভায় যোগ দিবেন। বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বিতীয়বারের মত এটি তাঁর চাঁপাইনবাবগঞ্জ সফর। এর আগে গত ২০২৪ সালের ১৯ অক্টোবর তিনি প্রথমবারের মত চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াতের জনসভায় বক্তব্য দেন।
জেলা জামায়াত সূত্র জানায়, জেলা জামায়াত আমীর আবু জার গিফারীর সভাপতিত্বে বৃহস্পতিবারের নির্বাচনী জনসভায় আরও উপস্থিত থাকবেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম সহ জামায়াতের কেন্দ্রীয় এবং জোট নেতৃবৃন্দ।
বুধবার(৪ ফেব্রুয়ারী) বিকালে জেলা জামায়াত আমীর আবু জার গিফারী বলেন, জামায়াত আমীরের আগমণ উপলক্ষে মঞ্চ তৈরী, মাঠ প্রস্তুত সহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি এবং প্রশাসন, নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে সমন্বয় সম্পন্ন হয়েছে। সমগ্র জেলা থেকে লক্ষাধিক নেতা,কর্মী,সমর্থক সহ বিভিন্ন শ্রেণী-েপশার মানুষ জনসভায় উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
সভায় জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর আমীর ড.কেরামত আলী,চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমীর ড. মিজানুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর নুরুল ইসলাম বুলবুল সহ অনান্য নেতৃবৃন্দ বক্তব্য দিবেন।