ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলতি বছরে সবচেয়ে শক্তিশালী হামলা চালিয়েছে রাশিয়া। তীব্র শীতের মধ্যে এই হামলায় দক্ষিণাঞ্চলের জাপোরিঝিয়া শহরে দুই কিশোর নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গরমের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বলে জানিয়েছে কিয়েভ।
মঙ্গলবার ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর সর্বনিম্ন তাপমাত্রার সময়েই এই ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে জাপোরিঝিয়ার একটি আবাসিক এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি সোভিয়েত স্মৃতিস্তম্ভও ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই হামলার ঘটনাটি ঘটেছে ইউক্রেন ও রাশিয়ার আলোচকরা আবুধাবিতে মার্কিন মধ্যস্থতায় দ্বিতীয় দফা বৈঠকে বসার ঠিক একদিন আগে। ফলে শান্তি আলোচনা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কূটনীতির পথে না হেঁটে শীতকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষকে আতঙ্কিত করাই মস্কোর মূল লক্ষ্য। তার ভাষায়, রাশিয়া আবারও আলোচনার বদলে সন্ত্রাস ও ধ্বংসের পথ বেছে নিয়েছে।
ন্যাটোর মহাসচিব মার্ক রুটে কিয়েভ সফরকালে বলেন, এই হামলা শান্তির বিষয়ে রাশিয়ার কোনো আন্তরিকতার প্রমাণ দেয় না। তার সফরের সময় রাজধানীজুড়ে বিমান হামলার সতর্কতা জারি ছিল এবং রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পুনর্গঠনমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, রাত গভীর হওয়া পর্যন্ত এক হাজার একশ’র বেশি আবাসিক ভবনে তাপ সরবরাহ বন্ধ ছিল। তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের প্রতিরক্ষা-শিল্প অবকাঠামো এবং জ্বালানি স্থাপনাগুলোতে সফলভাবে ব্যাপক হামলা চালিয়েছে। ক্রেমলিন আগেই জানিয়েছিল, তারা সাত দিনের জন্য হামলা স্থগিত রাখার মার্কিন অনুরোধ মেনে নিয়েছিল, যার মেয়াদ গত রোববার শেষ হয়েছে।
এই নতুন হামলা ইউক্রেনের মানবিক সংকটকে আরও গভীর করেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল।
কী-ওয়ার্ডস:রাশিয়া ইউক্রেন যুদ্ধ,জ্বালানি অবকাঠামো হামলা,শীতকালীন মানবিক সংকট