সেতু নির্মাণে ভুল নকশার জন্য ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক সভায় নড়াইল-কালিয়া মহাসড়কের নবগঙ্গা নদীর ওপর কালিয়া সেতু নির্মাণ প্রকল্পটি অনুমোদনের সময় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রায় ১২ হাজার ৯৫১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়।
সভা শেষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী বলেন, ভবিষ্যতে যে কোনো প্রকল্পের নকশা নির্ভুলভাবে তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া, জমি অধিগ্রহণের সময় জমির ছবি তুলে রাখতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানান পরিকল্পনা মন্ত্রী।