ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর ফ্রান্স অফিসে তল্লাশি চালিয়েছে দেশটির সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার সকালে প্যারিসে অবস্থিত কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে প্যারিস পাবলিক প্রসিকিউটর অফিসের তদন্তকারী দল।
প্রসিকিউটর দপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি চলমান তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে। তদন্তে এক্সের অ্যালগরিদম পরিচালনা, ব্যবহারকারীর তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি এবং অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানটির ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে যেসব বিষয় গুরুত্ব পাচ্ছে তার মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হলোকাস্ট অস্বীকারমূলক কনটেন্ট, শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ ছবি ও ভিডিও এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ডিপফেক সামগ্রীর বিস্তার। ফরাসি আইন অনুযায়ী হলোকাস্ট অস্বীকার শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
সূত্র জানিয়েছে, তল্লাশির সময় এক্সের অভ্যন্তরীণ নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করা হয়েছে। অভিযানে ফরাসি পুলিশের বিশেষ সাইবার ইউনিট সক্রিয়ভাবে অংশ নেয়।
এদিকে তদন্তের অংশ হিসেবে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে স্বেচ্ছাসেবী সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য তলব করা হয়েছে। তবে এখন পর্যন্ত এক্স কর্তৃপক্ষ বা মাস্কের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
বিশ্লেষকদের মতে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট কার্যকরের পর অনলাইন প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিত করতে যে কঠোর নজরদারি শুরু হয়েছে, এই তল্লাশি তারই ধারাবাহিকতা।
কী-ওয়ার্ডসঃএক্স ফ্রান্স তদন্ত,ইলন মাস্ক ইউরোপ,ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট