নীরব রাতের বুক চিরে নামে রহমতের আলো,
আকাশের দরজা খুলে যায়-ফেরেশতারা নামে ধীরে ধীরে।
আজ শবে বরাত,
ক্ষমার দরবারে মানুষের নাম ডাকা হয়,
লেখা হয় আগামী দিনের তাকদির।
অতীতের ভুলগুলো দাঁড়িয়ে থাকে চোখের সামনে,
গুনাহের ভারে নুয়ে পড়ে আত্মা-
তবু আশার আলো নিভে না,
কারণ আজ রাতটা ক্ষমার,
আজ রাতটা ফিরে আসার।
হে আল্লাহ,
আমরা জানি না-
কতবার তুমি ডেকেছ, আর আমরা ফিরেছি না।
কত নিয়ামত পেয়েও কৃতজ্ঞ হইনি,
কত পাপ করে লজ্জিত হইনি।
আজ এই নীরব রাতে
শুধু দু’হাত তুলে বলি-
ক্ষমা করে দাও,
মাফ করে দাও আমাদের অজান্তের ভুল,
জান্তের অবহেলা।
যাদের কবর নীরবে ডাকে,
যাদের নাম আজ আর তালিকায় নেই-
তাদের জন্য রহমত দিও,
আমাদের জন্য দাও হেদায়েতের পথ।
শবে বরাত শেখায়-
জীবন ক্ষণস্থায়ী,
ক্ষমা চাওয়াই শ্রেষ্ঠ শক্তি,
আর আল্লাহর দয়া
সব অন্ধকার ছাপিয়ে যায়।
এই রাতের সাক্ষী হয়ে থাকুক
আমাদের চোখের জল,
হৃদয়ের তওবা,
আর আগামী দিনের
একটা পবিত্র শুরুর অঙ্গীকার।