চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
আসন্ন সংসদ নির্বাচনে বেআইনী প্রভাব বিস্তারের জন্য নির্বাচনী আচরণবিধি লংঘন করে নিজ বাসভবনে এলাকার কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণ জানিয়ে সামিয়ানা টাঙ্গিয়ে ভোজসভা আয়োজন করে তাঁদের নিয়ে বিশেষ বৈঠকের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় এরফান আলী (৫৮) নামে একজন সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৩১ জানুয়ারী) বিকাল ৪টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ভোলাহাটের সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন এরফান আলীর বাসভবনে পুলিশ নিয়ে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পেয়ে অর্থদন্ড আদায় করেন। এরফান আলী বীরেশ^রপুর গ্রামের মৃত ইলিাস আলীর ছেলে এবং শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী।
ভ্রাম্যমান আদালতের বিচারক শামীম হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। এরফান আলী অতি উৎসাহী হয়ে এই কাজ করেন। তিনি ভোজসভা ও শিক্ষকদের সাথে বৈঠকের জন্য চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত) আসনের বিএনপি প্রার্থী আমিনুল ইসলামকেও আমন্ত্রণ জানান। তবে বিএনপি প্রার্থী তাঁর ডাকে সাড়া দিয়ে সেখানে উপস্থিত হন নি। তবে অভিযানকালে শিক্ষকদের কেউ কেউ যারা সাম্ভাব্য ভোটগ্রহণ কর্মকর্তা তাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক আরও বলেন, এরফান আলীকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’এর ২১এর(খ) ধারা লংঘনের অপরাধে ২৭(ক) ধারায় বিশ হাজার টাকা অর্থদন্ড করা হয়। মাত্র এক বছর পর ২০২৭ সালে অবসরে যাবেন এরফান আলী। নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে অতি উৎসাহী হয়ে এই কাজ করেন তিনি। যা তিনি না করলেও পারতেন বলেও মন্তব্য করেন বিচারক।