রবিবার, জুলাই ১৯, ২০২৬

সৌদি আরবকে ৯ বিলিয়ন ডলারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে সবুজ সংকেত যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-৩১ ২২:৩২:২১
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের অংশ হিসেবে সৌদি আরবের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ জানুয়ারি) পেন্টাগন জানিয়েছে, সৌদি আরবকে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ (PAC-3) ক্ষেপণাস্ত্র এবং সংশ্লিষ্ট সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রাথমিক অনুমোদন দিয়েছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানায়, প্রস্তাবিত এই অস্ত্র চুক্তির আনুমানিক মূল্য প্রায় ৯ বিলিয়ন ডলার। এ চুক্তির আওতায় সৌদি আরবের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক ও কার্যকর হবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
বিবৃতিতে বলা হয়, প্যাট্রিয়ট PAC-3 ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এগুলো আপগ্রেডেড ইন্টিগ্রেটেড এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স (IAMD) ব্যবস্থার অংশ, যা আকাশ ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে।
এই অস্ত্র বিক্রির প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব পাবে টেক্সাসভিত্তিক মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান লকহিড মার্টিন করপোরেশন। চুক্তিটি চূড়ান্ত হলে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের সামরিক সহযোগিতা আরও গভীর হবে বলে বিশ্লেষকদের ধারণা।

কী-ওয়ার্ডসঃসৌদি আরব অস্ত্র চুক্তি,প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র,যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা


এ জাতীয় আরো খবর