রবিবার, জুলাই ১৯, ২০২৬

নিউইয়র্কে বরফের শহর গলাতে ‘স্নো হট টাব’ অভিযানে নগর কর্তৃপক্ষ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-৩১ ১০:৫৪:০০
ছবি: সংগৃহীত।

তীব্র শীতকালীন ঝড়ের প্রভাবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকায় প্রায় এক ফুট বা ৩০ সেন্টিমিটার পর্যন্ত তুষার জমে যায়। ঝড় কেটে গেলেও তাপমাত্রা এখনো হিমাঙ্কের নিচে থাকায় জমে থাকা বরফ স্বাভাবিকভাবে গলছে না। এতে রাস্তা ও ফুটপাতে তৈরি হয়েছে চলাচলের বড় ধরনের ঝুঁকি।
নতুন করে আরেকটি শীতকালীন ঝড়ের পূর্বাভাস থাকায় পরিস্থিতি মোকাবিলায় আগেভাগেই মাঠে নেমেছে নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ। জমে থাকা বিপুল পরিমাণ বরফ দ্রুত অপসারণে ব্যবহার করা হচ্ছে বিশেষ ধরনের তুষার গলানোর যন্ত্র, যাকে বলা হচ্ছে ‘স্নো হট টাব’।
নগর কর্তৃপক্ষ জানায়, একটি ‘স্নো হট টাব’ যন্ত্র প্রতি ঘণ্টায় ৬০ থেকে ১২০ টন পর্যন্ত বরফ গলাতে সক্ষম। বর্তমানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব যন্ত্র বসিয়ে ট্রাকে করে আনা বরফ গলানো হচ্ছে। পানিভর্তি এই যন্ত্রে বরফ ঢাললে তা দ্রুত গলে পানিতে পরিণত হয়। পরবর্তীতে সেই পানি পরিশোধন করে ড্রেনেজ ব্যবস্থায় ছেড়ে দেওয়া হচ্ছে।
এই কার্যক্রমে শহরজুড়ে আড়াই হাজারেরও বেশি কর্মী দিন-রাত নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। কর্তৃপক্ষের ভাষ্য, শুধু বরফ সরালেই হবে না, বরং পরিকল্পিতভাবে তা গলিয়ে নিষ্কাশন করাও জরুরি—না হলে রাস্তার পাশে বরফের স্তূপ আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।
নগর প্রশাসন জানিয়েছে, আপাতত তাদের প্রধান অগ্রাধিকার বাস চলাচলের প্রধান সড়কগুলো পরিষ্কার রাখা। এতে করে শিক্ষার্থী ও কর্মজীবীরা স্কুল, কলেজ ও অফিসে নিরাপদে যাতায়াত করতে পারবেন। পাশাপাশি জরুরি সেবার যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখাও এই অভিযানের অন্যতম লক্ষ্য।
কর্তৃপক্ষ আশা করছে, নতুন ঝড় শুরু হওয়ার আগেই গুরুত্বপূর্ণ এলাকাগুলো থেকে বরফ সরানো সম্ভব হবে এবং শহরের স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই সচল থাকবে।


এ জাতীয় আরো খবর